ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, শ্যামপুর, মোহাম্মদপুর, পল্লবী, খিলক্ষেত ও রূপনগর থানা এলাকা থেকে একজন করে এবং উত্তরা পূর্ব থানা এলাকা থেকে দুইজনসহ রাজধানীর ছয়টি থানার আওতায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


