গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিদ্দিকুর রহমান। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন।
এদিন সকালে অফিসে যাওয়ার জন্য বিআরটি প্রকল্পের উড়ালসেতুর ওপর বাসের অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বিআরটির নির্মানাধীন প্রকল্পে এর আগেও ছিনতাইকারীদের হামলায় বশে কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে।


