৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি আরো যৌক্তিকভাবে নির্ধারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডেইরি গেট এলাকায় লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীরা অবস্থান নিলে অল্প সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে জ্যামে আটকে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সড়ক অবরোধে ডেইরি গেট থেকে রেডিও কলনি পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। অন্যদিকে নবীনগরমুখী পথেও একই অবস্থা দেখা যায়।
ক্ষোভ ও হতাশা নিয়ে এক পথচারী বলেন, ‘বাইপাইলে যাওয়ার কথা ছিল। জ্যাম দেখে বাস থেকে নেমে হেঁটে এখানে এলাম। এখন আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না।’
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী রায়হান বলেন, ‘আমরা এতদিন চুপ ছিলাম। কিন্তু এভাবে তাড়াহুড়া করে পরীক্ষার সময় ঘোষণা করায় আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আগে যেখানে ছয় মাস সময় দেওয়া হতো, সেখানে এবার এত অল্প সময় কেন? এটা আমাদের জন্য অন্যায্য।’
‘মানুষের ভোগান্তি আমরা বুঝি। কিন্তু সিদ্ধান্ত বদল না করলে এই বৈষম্য মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু ন্যায্যটা চাই। একটু প্রস্তুতির সময় চাই’, যোগ করেন তিনি।
প্রায় পৌনে দুই ঘণ্টা অবরোধ চলার পর দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।


