রাজধানী ঢাকার মহাখালীতে চাঁদাবাজদের গুলিতে এক নির্মাণাধীন প্রকল্পের ম্যানেজার আহত হয়েছেন।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এ ঘটনা ঘটে। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতের নাম মো. নাজিম উদ্দিন (৪২)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে রাজধানীর নাখালপাড়ায় থাকেন।
নাজিম উদ্দিন জানান, তিনি ‘বাবর এসোসিয়েটস’ নামে কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার। রোববার বিকালে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী লোক সাইটের ভেতর ঢুকে। পরে তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যায়।
এ সময় দুই থেকে তিনজন মুখোশধারী নাজিম উদ্দিনকে ঝাপটে ধরে। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি গিয়ে তার বাম পায়ে হাটুর নিচে লাগে।
নাজিম উদ্দিন জানান, ঘটনার পর দুর্বৃত্তরা তার মানিব্যাগ নিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল জানিয়ে তিনি বলেন, গুলি করার ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে। ঘটনাটি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।


