ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দেওয়া হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালত জানায়, শরিফ ওসমান হাদিকে গুলি করার পর গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন আব্দুল হান্নানকে আটক করে র্যাব-২। পরে তাকে পল্টন মডেল থানায় পাঠানো হয়। পরদিন ১৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিনদিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এ ছাড়া বিআরটিএতে তার নামে রেজিস্ট্রেশন করা দুইটি সুজুকি জিক্সার ও ইয়ামাহা মোটসাইকেলের তথ্য পাওয়া যায়। তবে হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের গাড়ি। হান্নানের মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫, যা একটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মোটরসাইকেল। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার ভুল রয়েছে। যেখানে শেষ নম্বর ছয় থাকার কথা থাকলেও রয়েছে পাঁচ সংখ্যাটি।
এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ফেরার পথে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।
পরে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমান দেশে এসে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।


