ঢাকার খালের সীমানা নির্ধারণে ২ সিটিতে পৃথক কমিটি

ঢাকার খালের সীমানা নির্ধারণে ২ সিটিতে পৃথক কমিটি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার দুই সিটি কর্পোরেশনের সব খালের সীমানা নির্ধারণ ও উদ্ধারে দুটি পৃথক কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ জুন স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার খালের সীমানা নির্ধারণ, উদ্ধার ও জলাবদ্ধতা দূর করতে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জন্য ১২ সদস্যের ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে আগামী তিন মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সব খাল মেপে সীমানা চিহ্নিত করতে হবে। এরপর বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে স্থানীয় সরকার বিভাগে। কাজের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসকের পরামর্শ নিতে পারবে। প্রয়োজন হলে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে। স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে খালের প্রকৃত সীমানা নির্ধারণ, দখলমুক্ত করা ও জলাবদ্ধতা দূর করার কাজ আরও কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad