শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ৫৫৮ কেন্দ্রে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ শুরু হয়েছে।
১২ এপ্রিল থেকে ১১ মে এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।
রোববার সকালে ঢাকার কড়াইল এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো শফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে অবশ্যই এই টিকা দিতে হবে। তিনি জানান, প্রথমে দেশের ১৭টি উপজেলায় এবং পরবর্তীতে ৪টি সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি জেনারেল হাসপাতালে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নগরবাসীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া যায়।
এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হবে। এজন্য ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও ৩৫টি ইভিনিং সেন্টার ও ৮টি ফ্রাইডে সেন্টারের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে মোট ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন ভলান্টিয়ার এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।


