চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি পণ্যবাহী জাহাজ থেকে পড়ে ইয়াসিন (৫০) নামে এক নাবিক (স্টিভেডোর, জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিক) নিখোঁজ হয়েছেন।
রোববার বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বন্দরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাবিককে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ক্রিমসন গ্রেস আলফা অ্যাংকরেজে অবস্থানকালে ইয়াসিন পানিতে পড়ে যান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ইয়াসিন পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পরপরই নৌবাহিনী ও কোস্ট গার্ডকে উদ্ধারের জন্য জানানো হয়েছে। আশপাশের জাহাজগুলোকে সতর্ক করতে এবং তল্লাশি অভিযানে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের রেডিও থেকে নিয়মিত ভিএইচএফ বার্তাও প্রচার করা হচ্ছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, এমভি ক্রিমসন গ্রেস গত ৫ আগস্ট আর্জেন্টিনার সান লরেঞ্জো বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে।


