ঢাকায় প্রেমিকার বাসায় শিক্ষার্থীকে গলায় তার পেঁচিয়ে ‘হত্যা’

ঢাকায় প্রেমিকার বাসায় শিক্ষার্থীকে গলায় তার পেঁচিয়ে ‘হত্যা’
সজিব। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বংশালে প্রেমিকার বাসায় সজিব (১৯) নামে এক শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে বংশালের আগামাসি লেনের এক বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। নিহতের গলায় জিআই তার পেঁচানো ছিল এবং মরদেহটি উপুড় হয়ে সিঁড়িতে পড়ে ছিল। পরে তার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

এসআই দুলাল হক আরও জানান, বাড়িটির চারতলায় একটি মাত্র পরিবার বসবাস করে, বাকি অংশ গোডাউন হিসেবে ব্যবহার হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ওই ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিবকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

হাসপাতালে নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিব বংশালের আগামাসি লেনের বাসিন্দা। তিনি এ বছর আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, তবে অকৃতকার্য হন। কয়েক দিন আগে তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকার দোহার গিয়েছিলেন এবং শুক্রবার বাড়ি ফেরেন। শনিবার বেলা ৩টার দিকে একটি ফোনকল পেয়ে তিনি বাসা থেকে বের হন। কিছুক্ষণ পরই খবর পান, সজিবের মরদেহ এক বাড়ির সিঁড়িতে পাওয়া গেছে।

ইসলাম অভিযোগ করে বলেন, ‘যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, সেটি তার প্রেমিকা খাদিজাদের। খাদিজার বাবা মৃত। ঘটনার পর থেকে ওই পরিবারের কাউকে পাওয়া যায়নি। ছয় বছর ধরে খাদিজা ও সজিবের মধ্যে সম্পর্ক ছিল, তবে খাদিজার মামারা বিষয়টি মেনে নেননি।’

সজিবের পরিবার দাবি করছে, খাদিজার পরিবার ও তার দুই মামা–ইকবাল ও কামাল–মিলে সজিবকে হত্যা করেছে। পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad