ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘কূটনীতিকদের সন্মানে প্রধানমন্ত্রী এই ইফতারের আয়োজন করেন।’
ইফতারের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান পাশে ছিলেন।
ঢাকায় মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা এই ইফতারে যোগ দেন।
প্রধানমন্ত্রী কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতারে আগে মোনাজাত ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


