রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডেমরা-কোনাপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামিনী ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডের ‘এআরআর কসমেটিকস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের সহকর্মী শারমিন আক্তার জানান, বিকালে কারখানা ছুটির পর কামিনী তার এক বন্ধুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ডেমরা কোনাপাড়া যাচ্ছিলেন। পথে রিকশার চাকার সঙ্গে কামিনীর পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাকে দ্রুত উদ্ধার করে কোনাপাড়ার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে নিয়ে আসার সময় তার ওই বন্ধুকে পাশে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সহকর্মীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, কামিনীর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


