দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা খেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে চারজন মারা গেছেন। অন্য একজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা উত্তর সিটি, এখানে ভর্তি হয়েছেন ১০৬ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭, ঢাকা বিভাগে ৭৪, বরিশাল বিভাগে ৫৮, ময়মনসিংহে ৩৩, খুলনায় ২৮, রাজশাহীতে ১৮, রংপুরে পাঁচ এবং সিলেট বিভাগে তিনজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে, ১৭৯ জন।
এ ছাড়া ঢাকা উত্তরে ৬৬ জন, বরিশালে ৪৭, চট্টগ্রামে ৩১, ময়মনসিংহে ২৪, রাজশাহীতে ২০, খুলনায় ১৩, ঢাকা বিভাগে নয় এবং সিলেটে দুজন মারা গেছেন।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৮১৭ জন। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৮৬ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণহানি হয় ডেঙ্গুতে।
তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়।
এ ছাড়া ডেঙ্গুতে আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১, জুন মাসে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মারা যাননি।
অন্যদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুন মাসে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়াও সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


