দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ছয়জন। একই সময়ে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের রোববারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে, ৩০৭ জন। খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি। এ পর্যন্ত মারা যাওয়া ১৪৯ জনের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।
বয়সভিত্তিক হিসাবে, চলতি বছর ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


