পুলিশের সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লালমনিরহাট জেলা পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পুলিশ লাইনস ড্রিলশেডে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই।
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত মতামত তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন সুমাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


