মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাবিল হোসেন মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা থেকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে নাবিল। খাবার খেয়ে সাইকেলে আবার মাদ্রাসার উদ্দেশে রওনা দেয় সে। পথে মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে।
মোটরসাইকেলের ধাক্কায় নাবিল সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে। পলাতক মোটরসাইকেল ও ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


