দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন রোগী।
গত এক দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলোতে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ২৬১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে।
ঢাকা দক্ষিণে ভর্তি হয়েছেন ১৭৫ জন, বরিশালে ১৬৩ জন, খুলনায় ১৫৪ জন, চট্টগ্রামে ১০৮ জন, রাজশাহীতে ৯৮ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ৩২ জন এবং সিলেটে ৮ জন।
অধিদপ্তর জানায়, এ বছর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। এ মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের এটিও বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যু।
এর আগে সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৭৬ জনের মৃত্যু হয়।
২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।


