দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) দুইজন, ডিএনসিসিতে ১৬ জন, ডিএসসিসিতে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে আটজন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫৪ জন নারী। বয়সভিত্তিক হিসাবে ১৬ থেকে ২০ বছর বয়সী শ্রেণিতে সর্বোচ্চ ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


