আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ প্রচার শুরু হয়। প্রচার কার্যক্রম উদ্বোধন উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এসময় মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও–১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
জেলা বিএনপির নেতারা জানান, আগামী দিনগুলোতে ঠাকুরগাঁও–১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার আরও জোরদার করা হবে।


