ট্রাফিক সার্জেন্টকে হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার

ট্রাফিক সার্জেন্টকে হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার
Advertisement
Advertisement

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে পুলিশের নামে অপপ্রচার ও পুলিশ সার্জেন্টকে হুমকির অভিযোগে সাগর হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টায় ট্রাফিক মতিঝিল জোনের দায়িত্বরত সার্জেন্ট মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি গাড়িকে থামার সিগন্যাল দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে এবং কাগজপত্র হালনাগাদ করার জন্য সে ব্যাংকে টাকা জমা দিয়েছে। সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, তার দাবিটি সঠিক নয়। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ তার কাছে পাওনার পরিমাণ ১ লক্ষ ২ হাজার পাঁচশত উনিশ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রদান ও দীর্ঘদিনের বকেয়া থাকায় সার্জেন্ট সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রদান করেন। মামলা দেওয়ার পর সাগর হালদার উগ্র আচরণ শুরু করে। সে নিজেকে ‘হালদার গ্রুপ’এর চেয়ারম্যান দাবি করে দম্ভোক্তি প্রকাশ করে এবং সাধারণ মানুষ জড়ো করে মব সৃষ্টি করে।

ঘটনা শেষে সাগর হালদার ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের মিথ্যাচার করে এবং সার্জেন্টকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad