পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টেস্টের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও ঘরোয়া ক্রিকেটের লংগার ভার্সনের নিয়মিত পারফর্মার অমিত হাসান।
এই সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ২০২৪ সালের পর তাদেরকে আর টেস্ট দলের রাখা হয়নি। এছাড়া প্রায় এক বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান।
তাদের সাথে আছেন নিয়মিত সব মুখ। টপ অর্ডারে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন আক্রমণে তাইজুল ইসলাম। পেস আক্রমণে তাসকিন-শরীফুলের সাথে রাখা হয়েছে নাহিদ রানা ও এবাদত হোসেনকে।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেললেও টেস্ট ক্রিকেটে এখনো খেলা বাকি তানজিদের। ২৫টি প্রথম শ্রেণি ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করা তানজিদকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘তানজিদ টেস্ট ক্রিকেটের জন্য আমাদের ভাবনায় অনেকদিন থেজেই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রেকর্ড বেশ ভালো, আমাদেরও মনে হচ্ছিল, নিজের সামর্থ্য প্রমাণের জন্য সুযোগ তার প্রাপ্য। টেকনিক্যালি অনেক সাউন্ড এবং সহজাত ভাবেই অনেক স্কিল আছে। আমার আত্মবিশ্বাসী, সুযোগ পেলে এই ফরম্যাটে সে ভালো করবে।’
প্রথম শ্রেণির ক্রিকেটের রান মেশিন অমিত, সর্বশেষ বিসিএল চারদিনের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলেছেন ১৬২ রানের দারুণ এক ইনিংস। ৪৯ ম্যাচের ৮২ ইনিংসে ১৭ ফিফটি আর ১১ সেঞ্চুরিতে ৩৬৫০ রান করেছেন ৪৯.৩২ গড়ে। এই ডানহাতি টপ অর্ডার ব্যাটারের অন্তর্ভূক্তি নিয়ে সুমন বলেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের নিয়মিত পারফর্মার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছে অমিত। ওর যে টেম্পারমেন্ট, সেটায় আমাদের বিশ্বাস আছে।।”
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।


