কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জাল টাকা প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারসংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি।
আটকরা হলেন, টেকনাফের জাদিমুরা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহম্মদ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের নাজমুল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা হচ্ছিল। এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে বিজিবি চক্রটিকে শনাক্ত করে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ গোয়েন্দা দল রোববার সকাল থেকে জাদিমুরা ও মুচনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। দুপুরের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি একটি অটোরিকশাযোগে কারখানায় আসা-যাওয়া করলে বিজিবি সদস্যরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির কারখানার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, জাল নোট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল, টাকা কাটার মেশিন, জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের ফলে জাল নোট প্রস্তুতকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।


