কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, ম্যাগাজিন ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, রোববার রাত ৩টার দিকে টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গোলা এবং ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত নিকটবর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকরা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


