কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বিপুলসংখ্যক মানুষকে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকার মানবপাচারকারী মো. আব্দুল আলীর নিজ বাড়ির একটি গুদামঘরে আটকে রাখা হয়েছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলার সময় বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


