ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় টিআইবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে অতিদ্রুত এই ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
টিআইবি জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণায় দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিক নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট দেওয়ার ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে এই তথ্যকে পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়েছে—এভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।
যেসব গণমাধ্যম ইতোমধ্যে তথ্যটি ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের দ্রুত যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে টিআইবি। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।


