কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিদেশি পিস্তলসহ একজন ‘কুখ্যাত’ মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়াসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ একজন কুখ্যাত মানবপাচারকারীকে আটক করা হয়।
আটক মানবপাচারকারী মো. ইয়াসিন (২৮) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আনজল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


