আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প।’
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমন্ত্রিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে৷ রাজনৈতিক ভুলের কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবেনা। আর ফ্যাস্টিট দেখতে চাইনা।’
‘দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। অনেকে গত ১৬ বছরে ভয়াবহ নির্যাতনের স্বীকার হয়েছেন৷ মিথ্যা মামলায় জেলে গেছেন’, যোগ করেন বিএনপি মহাসচিব।
যারা জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার দমনে সাহসী ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখনমুক্ত ভাবে নিশ্বাস নিতে পারি৷ নেতা-কর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমরা জুলাইয়ের সাহসী যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ।’
দলের বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।


