টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।
রোববার বেলা ১১ টার দিকে উপজেলার বাসাইল-ভাতকুড়া সড়কের কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আরোহী ছিলেন তিন বন্ধু বাসাইলিউপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তাকবির। আহত অপর দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। সেখান থেকে সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তিনি মারা যান।


