টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন নির্মাণ শ্রমিক।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিক কালিহাতী উপজলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–কালিহাতীর উপজেলার কোনাবাড়ী এলাকার জহর আলী (৪০) ও বানিয়াফর এলাকার মুক্তার আলী (৪৫)।
পুলিশ জানায়, উপজলার ঘুনি সালঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে কালিহাতী থেকে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ২০ জন নির্মাণ শ্রমিক। পথে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কর বাংড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা ১০ জন শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইজনের মৃত্যু হয়।
এদিকে, গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


