ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ জানান, রাবনা ফ্লাইওভারের ওপরে যমুনা সেতুগামী একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হয়।
নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


