হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ। বৃহস্পতিবার আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। জায়গা হয়নি সাইফ হাসানের।
এই ম্যাচেও অপরিবর্তিত থাকছে তানজিদ তামিম, পারভেজ ইমনের ওপেনিং জুটি। টপ অর্ডারে লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী। জাকের আলী অনিক আছেন ফিনিশারের ভূমিকায়। রিশাদ হোসেনের সাথে আরেক স্পিনার শেখ মাহেদী হাসান। তিন পেসার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আবু ধাবির এই মাঠের উইকেট বেশ পেস সহায়ক বলেই পরিচিত। সেই হিসেবেই তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। এছাড়া অতিরিক্ত গরমে ডিউ ফ্যাক্টরের কথাও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওদিকে আফগানিস্তানের কাছে ৯৪ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা হংকংও একাদশে রেখেছে তিন পেসার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলি, মাহেদি হাসান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
হংকং একাদশ: জিশান আলী (উইকেটকিপার), আংশি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল, এহসান খান


