ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আবীর (৬) আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ও আহত আবীর ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতী গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দুই ভাই আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত আবীরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


