ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
পরে এক ফেসবুক পোস্টে এতথ্য নিশ্চিত করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তার ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘ঝিনাইদহের পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীসহ উপস্থিত জনসাধারণের ওপরে হামলা করে। ছাত্রদল-যুবদলের যৌথ হামলায় তিনজনের মাথা ফেটে গিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত। সন্ত্রাসী কায়দায় এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।’
ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ বলেন, নির্ধারিত প্রোগ্রামে ঝিনাইদহে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি শহরের পুরাতন কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় ছাত্রদলে নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমানসহ আরও কয়েকজন আহত হয়েছে।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘ঘটনা জেনে সংঘাতের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এনসিপির লোকজন থানায় অভিযোগ দায়ের করবেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।‘


