ঝিনাইদহ পৌর এলাকার পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চেয়ে সড়ক অবরোধ করেছে পরিবার ও স্থানীয়রা। বৃহষ্পতিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল-আরাপপুর বাসস্ট্যান্ডের পবহাটি ঈদগাহ এলাকার মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন তারা।
এ সময় শিশু সাইমা হত্যার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করে স্লোগান দেন বিক্ষুব্ধরা। মহাসড়ক অবরোধ করায় উত্তরাঞ্চলের সঙ্গে যশোর-খুলনা, গোপালগঞ্জ-রংপুর-রাজশাহীগামী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশু সাইমা হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা পুলিশ খুবই গুরুত্ব দিয়ে দেখছে। তারপরেও নিহত শিশুটির স্বজনরা রাস্তা আটকে বিক্ষোভ করছে।’
পরিবহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে দ্রুত বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে বলেও জানান তিনি।

সড়ক অবরোধে ভোগান্তির শিকার ট্রাক চালক রাজু আহমেদ বলেন, ‘যশোর থেকে সার লোড করে রংপুরে যাচ্ছিলাম। এখানে এসে ১ ঘন্টা ধরে আটকে আছি। সময়মতো পৌছাতে না পারলে মালিকের ক্ষতি হয়ে যাবে।’
নড়াইল থেকে রংপুরগামী নারী পিউলি বেগম জানান, শ্বশুর মারা যাওয়ায় গোপালগঞ্জ হয়ে তিনি পরিবারসহ রংপুর যাচ্ছিলেন। অবরোধের কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত বুধবার সকালে নিখোঁজ হয় সাড়ে ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে রাতে প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুদের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তারুজ্জামান মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে (৩২) আটক করা হয়।


