দেশের প্রায় সব বিভাগে বইছে তাপপ্রবাহ। রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাসমুহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ মিলিমিটার।
এদিকে, চুয়াডাঙ্গায় তীব্র গরমে আম ও লিচুর মুকুল ঝরে পড়ে যাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধা ৬টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭০ শতাংশ।
এর আগে, এপ্রিলের শুরুতে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র রোদ আর গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদের কষ্টের সীমা নেই। দুপুরের দিকে রাস্তাঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চান না। গরমে কদর বেড়েছে ডাব, তরমুজ ও ঠান্ডা পানি । রাস্তার মোড়ে মোড়ে আখের রস ও শরবতের দোকানে ভিড় করছেন তৃষ্ণার্ত মানুষ।
অতিরিক্ত গরমে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে চিকিৎসকরা সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ব্যাপারে এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


