জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিন ঘণ্টাব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন।
বিশেষজ্ঞরা সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করেন এবং বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিক নিয়ে মতামত দেন।
এ সময় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং মো. আইয়ুব মিয়া।
এ ছাড়া, জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।
এই সভার মাধ্যমে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতও পর্যালোচনা করা হয়। ইতোমধ্যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে, যাতে সনদ চূড়ান্ত করতে মতামত সংগ্রহ করা হয়েছে।


