জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠক শেষে কমিশন সহসভাপতি আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর বিকালে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এ অনুষ্ঠানে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, এখনো কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় স্বাক্ষর অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।
কমিশন বর্তমানে সনদ বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চূড়ান্ত করছে। চূড়ান্ত হওয়া এই প্রক্রিয়াগুলো রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এ বিষয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও চালানো হবে। এই সকল কাজ সম্পন্ন করার জন্যই আগামী শুক্রবার পর্যন্ত সময় নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।
তবে, কমিশন স্পষ্ট করেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাওয়া হবে।


