রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ক্যাম্পে সোমবার দুপুরে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রাত ৮টার দিকে ওই ক্যাম্পে অভিযান শুরু করে যৌথ বাহিনী।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে তদন্ত শেষে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের পরিচয়ও জানা যাবে। ক্যাম্পের এসব ঘটনার দিকে নজর রাখা হচ্ছে। গত দু’দিনের সংঘর্ষের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ দেখেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগেও অভিযানে অপরাধীরা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু পরে জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক কারবার পরিচালনা করার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি।
জানা গেছে, অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, এর আগে রোববার দুপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তরা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটালে এক নারী আহত হন। এদিন রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এরপরই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে সংঘর্ষ চলতে থাকে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই পক্ষের ইটপাটকেল বিনিময় হয়। খবর পেয়ে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।


