আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে কোতোয়ালি থানা পুলিশের উপস্থিতিতেই দুর্বৃত্তদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সড়ক অবরোধ কর্মসূচির কারণে দিনাজপুর থেকে ঢাকাসহ দেশের সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে শেখ বাদশা গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পরপরই রাতে থানা চত্বরে দুর্বৃত্তদের সঙ্গে পরিবহন শ্রমিকদের তীব্র বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন, যাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই ঘটনার জেরে ওইদিন মধ্যরাত থেকেই ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশমাইল মোড়সহ শহরের প্রধান কৌশলগত পথগুলোতে বাস-ট্রাক আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ (ব্লকেড) সৃষ্টি করে।
বৃহস্পতিবার সকাল থেকে এই অবরোধের ফলে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোর দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
দিনাজপুর বাস শ্রমিক নেতা জমশেদ আলী বলেন, ‘আমাদের নেতাকে নিঃশর্ত মুক্তি দেওয়া ছাড়া অবরোধ তুলবোনা। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে, আকস্মিক ও সর্বাত্মক এই ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী চাকুরিজীবীরা। বহু পথচারীকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
থানা চত্বরে সংঘর্ষ ও অভ্যন্তরীণ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


