জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার এক প্রেস বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে নাহিদ ইসলাম জানান, দলের মুখপাত্র আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের সময়কার ভূমিকার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে একটি মামলার চেষ্টা করা হয়েছিল। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়।’
তিনি দাবি করেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।’
নাহিদ ইসলাম বলেন, ‘মামলা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে এই নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।’
তিনি সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ পাশাপাশি ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।


