আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ নেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর করা হবে। দেশের ২৬তম নতুন বিচারপতি হিসেবে আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ নেবেন।

এর আগে, জুলাই অভ্যুত্থানের পর প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় তার পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জুবায়ের রহমান চৌধুরী।
উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান।
দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
জুবায়ের রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।


