রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক গোপনীয় চিঠিতে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হয়ে পুনরায় সংগঠনকে সক্রিয় করার সক্ষমতা রাখেন বা মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের ব্যক্তিরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরোনো বা নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
তবে যেসব কর্মীর সাংগঠনিক প্রভাব বা তৎপরতা পরিচালনার সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, এর আগেও এ বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে সংবেদনশীল ও জরুরি উল্লেখ করে প্রতিটি জেলায় নির্দেশনাটি কার্যকর করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জের অধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।


