জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দুই সপ্তাহ ধরে অবস্থান করছে ভারতীয় বন্য হাতির দুটি পাল। রাত নামলেই প্রায় ৩০টি হাতি খাদ্যের সন্ধানে গারো পাহাড় পেরিয়ে এপারে লোকালয়ে নেমে আসছে ।
এতে অশেনা কোনা, সাতানীপাড়া, টিলাপাড়া, দিঘলা কোনা ও সোমনাথপাড়াসহ সীমান্তের অন্তত ১০টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সদ্য রোপণ করা ধান ও আলু-বেগুনের খেত পায়ে মাড়িয়ে ও খেয়ে নষ্ট করছে বুনো হাতি। এমনকি সম্প্রতি বসতবাড়িতে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসী তা প্রতিহত করেন।
হাতির পাল গুঁড়িয়ে দিচ্ছে সুপারি ও অন্যান্য গাছের বাগান, নষ্ট করছে ফসলি জমি। আগুন জ্বালানো ও ঢাকঢোল পেটিয়েও আক্রমণ রোধ করা যাচ্ছে না। আক্রমণ থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর।
স্থানীয়রা জানান, প্রতিদিন ভিন্ন ভিন্ন গ্রামে প্রবেশ করে হাতির পাল। এলাকায় ঢুকে ধানখেত, সবজিখেত, মাল্টা ও লেবুর বাগান তছনছ করেছে। গ্রামবাসীর হইহুল্লোড়, মশালের আলো ও ঢাকঢোলের শব্দে হাতিরা কিছুটা আতংকিত হয়ে ঘরবাড়িতে ঢুকতে পারেনি। তবে বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট করছে। সারা রাত তাণ্ডব চালিয়ে ভোরে তারা পাহাড়ে ফিরে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ‘ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।’


