জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি।
তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী অতীতেও এ দেশে ক্ষমতায় আসতে পারেনি এবং ভবিষ্যতেও আসতে পারবে না, কারণ এই দেশের নারীরা তাদের মেনে নেবে না।’
শুক্রবার ঢাকার গুলশানের পুলিশ প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তনি উল্লেখ করেন, যারা নারীদের যথাযথ সম্মান দিতে চায় না, দেশের সচেতন নারী সমাজ তাদের কখনো ক্ষমতায় আনবে না। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ নারী এবং তারা এমন নেতৃত্বকে সমর্থন করবে না, যারা তাদের অধিকার ও মর্যাদাকে খর্ব করতে চায়।
জামায়াতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে সকল শ্রেণি ও পেশার নারীরা রাজপথে নেমে আসবে।’ একই সঙ্গে তিনি আইনি লড়াইয়ের কথাও উল্লেখ করেন এবং বলেন, ‘প্রয়োজনে হাইকোর্টে রিট করা হবে।’
সংবাদ সম্মেলনে তনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য যে কেউ সাইবার বুলিং করুক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইন ও আইনি প্রয়োগ থাকতে হবে।’
সাইবার বুলিংয়ের শিকার নারী ও পুরুষ উভয়ের জন্য একটি ‘ওয়ান স্টপ সলিউশন’-এর দাবি জানান তিনি। প্রতিবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘কেউ যদি বারবার কুরুচিপূর্ণ বক্তব্য বা আক্রমণ করে, তবে মুখ বুজে সহ্য না করে তার প্রতিউত্তর দেওয়া উচিত।’ প্রতিবাদের ভাষাকে অপরাধ হিসেবে গণ্য না করে নিজের জায়গা থেকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


