জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসহ সাত দফা প্রস্তাব গৃহীত হয়েছে।
শুক্রবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি ও কথিত ‘পুশইন’, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনে দলীয়করণ এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব নেওয়া হয়েছে।
এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতের দাবি, গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার, প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দলটি বলেছে, জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠকে এসব প্রস্তাব গৃহীত হয়েছে।


