জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার রাতে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন তিনি। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

গত জুনে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হওয়ায় ১৯৩ সদস্যের এই সংস্থার নেতৃত্বে এসেছে বাংলাদেশ।

খলিলুর রহমানের এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা ফিরিয়ে আনা, রূপান্তর সামলানো: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রতিপাদ্যের প্রশংসা করেছেন।

বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংস্কারের ভাবনা

আরও পড়ুন

ভূরাজনৈতিক বিভাজন, সশস্ত্র সংঘাত, জলবায়ু সংকট ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার তীব্র সংকটের মধ্যে দায়িত্ব নিলেন খলিলুর রহমান। সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের প্রধান না হলেও ঐকমত্য প্রতিষ্ঠা, কূটনৈতিক অগ্রাধিকার নির্ধারণ এবং ‘ইউএন৮০’ প্রক্রিয়া ও ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’-এর মতো গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের তদারকিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক বলেছেন, সাধারণ পরিষদের সভাপতির পদ এখন আর কেবল আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতিসংঘের মূলনীতিগুলো যখন নজিরবিহীন চাপের মুখে, তখন এ পদে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন।

গুরুত্বপূর্ণ কর্মসূচি ও উত্তরসূরি নির্বাচন

সভাপতির দায়িত্ব পালনকালে খলিলুর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া পরিচালনা করা। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থনে নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান তার দপ্তরে ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য বজায় রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে ছোট প্রতিনিধিদলগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তার এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঢাকা। যার কাজ হবে বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের মধ্যে ভারসাম্য আনা।

এর আগে বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর