ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা ওয়াকআউট করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে কূটনীতিকরা অধিবেশ কক্ষ থেকে চলে গেলেও দর্শক সারিতে উপস্থিত নেতানিয়াহুর সমর্থকরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।
সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে নেতানিয়াহু ভাষণ শুরু করার আগে সকল প্রতিনিধিকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছিলেন।
ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ‘নিছক পাগলামি’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘আমরা তা কখনো হতে দেব না।’ তিনি বিভিন্ন দেশের ফিলিস্তিন স্বীকৃতিকে ‘মর্যাদাহানিকর’ হিসেবে বর্ণনা করেন।
এ ছাড়া, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের ভুলিনি, এক সেকেন্ডের জন্যও ভুলিনি। ইসরায়েলের জনগণ তাদের সঙ্গে আছে।’


