জুলাই সনদের প্রশ্নে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই সনদের প্রশ্নে গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।’
শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় এনসিপি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এনসিপি।’
নিবন্ধন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।’
তিনি যোগ করেন, ‘আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং জবাবদিহির জন্য একটা কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।’
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন, আওয়ামী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ছাড়া, দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির নেতারা অংশ নেন।


