জাতির মাথার ওপর এখনো ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির

জাতির মাথার ওপর এখনো ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির
মতবিনিময়ে জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফ্যাসিবাদ নয় বরং ফ্যাসিবাদের একটি বড় স্টেকহোল্ডার বিদায় নিয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার মতে, ফ্যাসিবাদের কালো ছায়া এখনও জাতির মাথার ওপর রয়ে গেছে।

রোববার সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

এসময় জামায়াত আমির দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণভোট, সংবিধান সংস্কার, সংসদের ভূমিকা, ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সিলেটের উন্নয়ন-বঞ্চনাসহ নানা বিষয়ে কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, `গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, প্রতিহিংসা ও সংকীর্ণতা রয়ে গেছে। রাজনীতিবিদরা কথার সঙ্গে কাজের মিল রাখতে না পারায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি অশ্রদ্ধা ও ক্ষোভ তৈরি হয়েছে।‘

সাংবাদিকদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, গণমাধ্যম জাতির দর্পণ আর সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ ও বিবেকের প্রতিধ্বনি আগের মতো দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট ও সংস্কার পরিষদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, `গণভোটে বিপুলসংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি।‘

তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংসদে নোটিশ দেওয়া হবে এবং সংসদের ভেতরে-বাইরে তারা বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, `বিরোধী দলের দুটি প্ল্যাটফর্ম—একটি সংসদের ভেতরে, অন্যটি রাজপথে। সংসদের ভেতরে যেমন গঠনমূলক রাজনীতি হবে, তেমনি প্রয়োজনে রাজপথেও গঠনমূলক কর্মসূচি দেওয়া হবে।‘

তবে রমজান মাসের প্রতি সম্মান জানিয়ে জামায়াত মাঠের কর্মসূচি থেকে বিরত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি, হত্যা ও সহিংসতার ঘটনা দুঃখজনক। এসব ঘটনায় তারা প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার প্রশ্নে তারা নীরব থাকবেন না বলেও জানান তিনি।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকারের সময় মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারেনি, বাড়তি ভাড়া গুনতে হয়েছে। এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ওপর থেকে নিচ পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তার মতে, জনগণের অর্থ কোনো দলের নয়; সরকার কেবল তার ব্যবস্থাপক।

দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশ জ্বালানি, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপে পড়তে পারে। এ সংকট মোকাবিলায় সরকার উদ্যোগ নিলে জাতীয় স্বার্থে তা বিবেচনা করবে বিরোধী দল।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিলেট উন্নয়ন-বঞ্চনার শিকার। সিলেটের ন্যায্য পাওনা যাতে বঞ্চিত না হয়, সে দাবিতে তারা সোচ্চার থাকবেন। তবে বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারের হাতে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad