জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের তিন নারী শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। এই অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি দাঁড়িয়েছে।
অভিযুক্ত মো. নাজমুস সাকিব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ছাত্রশিবিরের কর্মী বলে অভিযোগ করছে ছাত্রদল। অন্যদিকে শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সময় সাকিব তাদের পক্ষে প্রচার চালালেও তিনি তাদের কর্মী নন।
গত ১৪ এপ্রিলের আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ভুক্তভোগী তিন শিক্ষার্থী আলাদা লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়, সাকিব একই বিভাগের একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের সঙ্গে শারীরিক সম্পর্কও করেন।
সম্পর্ক চলাকালে অভিযুক্ত সাকিব তাদের একটি ছাত্রী সংগঠনে যোগ দিতে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় সাকিব ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার ভাষাশহীদ রফিক ভবনের নিচে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘যারা শিবির পরিচয়ে রাজনীতি করছেন, তাদের অনেকে আগে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন।’
নারী শিক্ষার্থীদের ‘হানিট্র্যাপের মাধ্যমে’ ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি আরও বলেন, ‘সামনের দিনে এ ধারা অব্যাহত যেন না থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, ‘ছাত্রদল ২০ ব্যাচের এক শিক্ষার্থীকে ছাত্রশিবির নেতা সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের যুক্ত থাকে তার বিচার নিশ্চিত করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে তার সংগঠন প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রশিবির ও জকসু ভুক্তভোগীর ন্যায়বিচারের জন্য সব সময় সঙ্গে আছি।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন টাইমসকে বলেন, ‘পহেলা বৈশাখের আগে তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দেন। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিষয়ক আলাদা সেল আছে। অভিযোগগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিন শিক্ষার্থীর অভিযোগের বিষয়ে নাজমুস সাকিবের বক্তব্য জানতে পারেনি টাইমস। একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


