জনসেবার ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রতা কাম্য নয় বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের সেবকের ভূমিকা পালন করতে হবে। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ, তাই তাদের সহযোগিতায় সর্বদা কাজ করতে হবে।
তিনি বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। কাজের গতি বজায় রেখে সব ধরনের সেবা দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেন তিনি।
প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও সময়মতো অফিসে উপস্থিতি এবং নির্ধারিত সময়ে অফিস ত্যাগের বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন। এছাড়া গুরুত্বারোপ করেন দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও।
পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব আশ্রাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


